স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ এপ্রিল: পকসো মামলায় গৃহ শিক্ষকের ছয় বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল ইসলামপুর মহকুমা বিশেষ আদালত। শনিবার ইসলামপুর মহকুমা বিশেষ আদালতের বিচারক বিষ্ণু বরুন মন্ডল এই সাজা ঘোষণা করেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তার আহমেদ।
সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানিয়েছেন, ২০১৯ সালে চাকুলিয়া থানা এলাকায় নরোত্তম বিশ্বাস নামে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। অভিযুক্ত ওই গৃহ শিক্ষক দুই ছাত্রীকে টিউশন পড়াতেন। ওই দুই ছাত্রীকে ওই শিক্ষক যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠে। এরপর ওই দুই ছাত্রী তাদের মায়ের কাছে ঘটনাটি বলে। বিষয়টি জানার পরে দুই ছাত্রীর পরিবারের তরফ থেকে ওই গৃহ শিক্ষককের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে চাকুলিয়া থানার পুলিশ। অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে পকসো ১০ ধারা অনুযায়ী আদালতে চার্যশিট পেশ করে পুলিশ। আজ সেই মামলার শেষ শুনানি ছিল। অভিযুক্ত ওই গৃহ শিক্ষককে ৬ বছরে সাজা ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়।

অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ায় নির্যাতিতার পরিবারের লোকজন খুশি। এই ধরনের ঘটনা যাতে সমাজের অন্য কোনো মেয়ের সাথে না ঘটে, তার জন্য এই ধরনের সাজা দরকার ছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তার আহমেদ।

