হিন্দু মন্দিরের কাঠামো মিলেছে ম্যাঙ্গালুরুর মসজিদের নীচে, পুজো করতে দেওয়ার দাবি হিন্দুত্ববাদীদের

আমাদের ভারত, ২৩ মার্চ: জ্ঞানবাপী বিতর্কের মধ্যে ব্যাঙ্গালুরুর এক মসজিদের অন্দরে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবার সেখানে দেবতা রয়েছেন কিনা তা জানতে, আগামী ২৫ মে মসজিদ চত্বরে বিশেষ ধর্মীয় উপাচার পালনের পরিকল্পনা করেছে হিন্দুত্ববাদীরা। ইতিমধ্যেই এবিষয়ে বৈঠকও করেছেন তারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব।

কয়েকদিন আগে ম্যাঙ্গালুরু শহর‌ থেকে কিছু দূরে মালালি এলাকায় একটি মসজিদের নিচে হিন্দু মন্দিরের মতো অংশের হদিশ মেলার খবর পাওয়া যায়। জানা গেছে, মালালি জুমা মসজিদের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। সেই সময় মসজিদ চত্বরে মন্দিরের মতো একটি কাঠামো বেড়িয়ে আসে। তারপর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়। এখন মসজিদ চত্বরে পুজো করার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদী গোষ্ঠী।

স্থানীয় বিজেপি বিধায়ক ভরত শেট্টি জানান, “আগামী ২৫ তারিখ মসজিদ চত্বরে আমরা বিশেষ উপাচার থাম্বুলা পারশোনা করতে চলেছি। উপাচার শেষ হলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারব। তারপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হব আমরা।”

তবে এলাকাটি পুলিশ সিল করে দিয়েছে। দক্ষিণ কানাড়ার ডেপুটি কমিশনার রাজেন্দ্র কে ভি সাধারণ মানুষের কাছে ধর্মীয় স্থানে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন করেছেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “আমি পুরো বিষয়টি জানতে পেরেছি। ভূমি দপ্তর জমির মালিকানার ইতিহাস খতিয়ে দেখছে। আমি ওয়াকআপ বোর্ড এবং হিন্দু মন্দিরের দাবিদার দু’পক্ষের সঙ্গে কথা বলবো। পুরো বিষয়টা শুনবো।” তিনি আরো জানান, সব পক্ষের কথা শুনে দ্রুত পদক্ষেপ করবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *