আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ মে: সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর আজ সকাল হতেই অর্জুন সিংয়ের বাড়িতে নেমেছে তৃণমূল নেতা কর্মীদের ঢল। এদিন দেখা যায় অর্জুন সিং বিজেপি চলে যাওয়ার পর তারসাথে অনেকেই বিজেপিতে গেছিল। কিন্তু তার অনুগত বা তার হাত ধরে রাজনীতি শেখা অনেকেই তৃণমূলে রয়ে গেছেন। আর অর্জুন সিং তৃণমূলে ফিরতেই সেই সব কর্মী ও স্থানীয় নেতারা আসেন তাকে শুভেচ্ছা বার্তা দিতে। এদিন অর্জুন
সিংকেও দেখা গেল সকাল থেকে নিজের কার্যালয়ে বসে সকলের সাথে দেখা করতে।
এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, যে তিনি যাদের রাজনীতিতে এনেছিলেন বা যাদের রাজনীতি শিখিয়েছিলেন তারা অনেকেই বিজেপিতে যাননি। সেই সময় নেতা কর্মীরা আজ তার সাথে দেখা করতে আসছেন এতে তিনি খুব খুশি। কিন্তু তিনি বিজেপিতে থাকা কালীন নির্বাচনের পর রাজনৈতিক হিংসার স্বীকার হয়েছিলেন বহু বিজেপি কর্মী সমর্থকরা। এখনো ঘর ছাড়া অনেকে। এই পরিস্থিতিতে অর্জুন সিং’য়ের দল বদল করায় বাড়তে পারে সেই সমস্ত কর্মীদের দুর্ভোগ। আর সেই সময় ওই কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। সেই সঙ্গে তিনি রাজ্য পুলিশের সমালোচনা করতেন বার বার। কিন্তু তার তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিয়ে প্রশ্ন উঠছে, যে কি হবে সেইসব ঘর ছাড়া দের। এই প্রশ্নের উত্তরে সাংসদ অর্জুন সিং আজ বলেন, ” পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করতেই হবে। কিছু মানুষ থাকে সরকারে যারা ক্ষমতার অপব্যাবহার করে আইন ভাঙে সেটা করতে দেওয়া যাবে না। আর তৃণমূল কাউকে ঘর ছাড়া করার রাজনীতি করে না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, তারা সরকারি প্রকল্পগুলির সুবিধা নিক আমাদের দলের হয়ে কাজ করুক।”
এদিন তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্রমশ বেড়ে ওঠা তোলাবাজির প্রসঙ্গ তুলে বলেন, মুখ্যমন্ত্রী সব সময় বলেন অপরাধ করলে রাজনৈতিক রং না দেখে অপরাধীকে শাস্তি দিতে। তৃণমূলের দলে থেকে যারা এই অপরাধ মূলক কাজ করবে তাদের খুব দ্রুত তাদের আসল জায়গা দেখিয়ে দিতে হবে। সেক্ষেত্রে পুলিশ দলের কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আমি কখনই বাধা দেবো না।
এদিকে অর্জুন সিং বিজেপি ছেড়ে চলে এলেও তার পুত্র পবন সিং এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক হয়ে রয়ে গেছেন। তিনি গত কাল তার পিতা অর্জুন সিংয়ের সাথে তৃণমূলে যোগ দিতে কলকাতা যাননি। ফলে আবার রাজনৈতিক মহলে ঘুরছে যে তাহলে পবন সিংয়ের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোথায়। বারবার প্রশ্ন উঠছে যে পবন সিং কি করবেন বিজেপিতেই থাকবেন না তৃণমূলে ফিরবেন। আর এই সম্পর্কে অর্জুনবাবু বলেন, “আমি যখন তৃণমূলে এসেছি তাহলে আমার ছেলে অন্য দলে থাকবে কেনো। পাবনের শরীর ভালো ছিল না তাই
গতকাল তৃণমূলে যোগ দিতে যেতে পারেনি। তবে আগামী ৩০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে শ্যামনগরে সেখানে ও যাবে তৃণমূলে যোগ দেবে।”
তবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেও মুখ্য মন্ত্রীর সাথে গতকাল তার কোনো সাক্ষাৎ হয় লনি। তাই এই বিষয়ে এদিন তিনি সাংবাদিকদের জানিয়ে দেন যে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য সময় চেয়েছেন তবে মুখ্যমন্ত্রী তার ব্যাস্ত কর্মসূচি থেকে কবে সময় বার করে তার সাথে দেখা করবেন সেটা এখনো তিনি জানেন না। তবে অর্জুন সিং’য়ের এই ঘরে ফেরাতে যথেষ্টই খুশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু তৃণমূল নেতা কর্মীরা।

