আমাদের ভারত, ৯ মে: সারা বছর ধরেই বাঙালির পাতে ইলিশ পড়তে পারে। এবার সেই উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য সরকার বলে খবর। শোনা যাচ্ছে ভাগীরথীর মিষ্টি জলেই নাকি ইলিশের চাষ হবে। আদৌ কি তা সম্ভব? ইলিশ চাষের জন্য তৈরি হচ্ছে গবেষণাগার। এই বিশেষ উদ্যোগ নিচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।
সূত্রের খবর, ভাগীরথী নদীর মিষ্টি জলে ইলিশ মাছ চাষ হবে। ফারাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমে ইলিশ চাষের জন্য একটি গবেষণাগার তৈরি হচ্ছে। সম্প্রতি এই গবেষণার তৈরীর জন্য পূর্ণাঙ্গ প্রজেক্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক। জানা যাচ্ছে, বাংলাদেশে পদ্মায় ইলিশ চাষের আদলে ভাগীরথীতেও ইলিশ চাষের পরিকল্পনা নিচ্ছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই প্রজেক্ট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট চলে এলেই সেটা নবান্নে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর অনুমোদন পেলেই চলতি বছরেই মিষ্টি জলের ইলিশ চাষের কাজ শুরু করবে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

