High Court, Leftists, কালী পুজোর আগে বামেদের বুকস্টল করার পরামর্শ হাইকোর্টের, মামলা অন্য বেঞ্চে নিয়ে যাওয়ার আর্জি উদ্যোক্তাদের

আমাদের ভারত, ১২ অক্টোবর: দুর্গাপুজোয় বামেদের বুক স্টল ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী। তার মধ্যে নৈহাটি ও বনগাঁ বুকস্টলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় বামেরা। মামলা দ্রুত শুনানির আবেদন করে তারা। কিন্তু জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য।

জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন, প্রতিবছর পুজোর সময় এমন স্টল বসানোর স্বপক্ষে কোনো নথিপত্র আছে কি? তাহলে জরুরি ভিত্তিতে এখনই মামলার অনুমতি কেন দিতে হবে? দুর্গাপুজোর আগে এর শুনানি সম্ভব নয়।

বামেদের মামলাকারী আইনজীবী শামীম আহমেদ বলেন, উদ্যোক্তাদের তরফে প্রতিবছর দুর্গাপুজোর আগে এই বুক স্টল করা হয়। তখন বিচারপতি তাদের পরামর্শ দেন যে কালীপুজোর আগে করুন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শামীম আহমদ জানান, আদালতের সময় না হলে মামলা ছেড়ে দিক অন্য বেঞ্চে চেষ্টা করবে উদ্যোক্তারা।

বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ থেকে মামলাটি সরিয়ে নেওয়ার আর্জি জানানোর পর আদালত জানায়, আগামী ১৩ অক্টোবর আবেদনটি বিবেচনার সময় মামলাটি সরিয়ে দেওয়া হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কয়েকদিন আগে দুর্গাপুজোয় বামেদের বুক স্টল দেওয়া নিয়ে কড়া মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, দুর্গাপুজোয় বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না। এই আবহে নৈহাটি বনগাঁ বুক স্টল নিয়ে আইনি জট যে কাটলো না তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *