Health minister, Barasat, বারাসত মেডিক্যালে আচমকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থা নিয়ে ক্ষোভ, ওয়ার্ড মাস্টার- সহ একাধিক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুলাই: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবার কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে একাধিক সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে রোগী পরিষেবা ও পরিকাঠামোর বিভিন্ন ত্রুটি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের ওয়ার্ড মাস্টার- সহ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিষেবায় কোথায় কোথায় গলদ রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্য, অতীতের জন্য কাউকে দোষারোপ না করে বর্তমান পরিস্থিতির উন্নতিই এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। শুধু মেডিক্যাল কলেজ নয়, গ্রামীণ, মহকুমা ও জেলা হাসপাতালগুলিকেও এই নজরদারির আওতায় আনা হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালের পরিষেবার উপরও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বা স্যালাইন ব্যবহার রুখতে প্রতি সপ্তাহে স্বাস্থ্যভবনের বিশেষ পরিদর্শন চালানোর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের দালালচক্র নির্মূলে কড়া অবস্থান নিয়ে তিনি বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিজনদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র বা ব্যাজ চালু করা হবে। বৈধ পরিচয়পত্র ছাড়া অন্য কাউকে হাসপাতাল চত্বরে দালাল হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিন প্রান্তিক এলাকার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দেন তিনি, যাতে অযথা রোগী রেফারের প্রবণতা কমানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *