Varun Biswas, CID, বরুণ বিশ্বাস হ*ত্যা মামলায় নতুন করে তদন্তের ইঙ্গিত, পরিবারের সঙ্গে কথা বলল সিআইডি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুলাই: উত্তর ২৪ পরগনার গোবরডাঙার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলায় ফের নড়াচড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সিআইডির একটি দল বরুণ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। তদন্তে অগ্রগতি এবং পরিবারের দাবি- দাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শিক্ষক বরুণ বিশ্বাস। নারী নির্যাতন, তোলাবাজি ও সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকার জন্য তিনি পরিচিত ছিলেন। এই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও তদন্তের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে এসেছে তাঁর পরিবার। বরুণের দিদি প্রমীলা রায় জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই ঘটনার পুনর্তদন্তের দাবি জানিয়ে আসছেন। তাঁর অভিযোগ, প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দাবি করেন, মামলার মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক। পরিবারের পক্ষ থেকে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে। সিআইডির আধিকারিকরা পরিবারের বক্তব্য নথিভুক্ত করেছেন বলে জানাগেছে।

উল্লেখ্য, এই মামলায় অতীতে কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও তাঁদের মধ্যে একজনের জেলেই মৃত্যু হয় এবং বাকিরা বর্তমানে জামিনে রয়েছেন। পরিবারের অভিযোগ, তদন্ত এখনও অসম্পূর্ণ এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি। সিআইডির এই সাম্প্রতিক পদক্ষেপের ফলে মামলার তদন্তে নতুন গতি আসবে কি না, সেদিকেই এখন নজর পরিবার সহ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *