জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: সোনা চুরি কাণ্ডে গুজরাট পুলিশ হানা দিল সাংসদ প্রতিনিধির বাড়িতে। মঙ্গলবার ঘাটাল থানার পুলিশের সহযোগিতায় ঘাটালের সংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বাড়িতে হানা দেয় গুজরাট পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল। কিছুদিন আগে গুজরাটের একটি দোকান থেকে দু’কেজি সোনা চুরি হয়। সেখানে ঘাটালের তাপস মন্ডল নামে একজন সোনার কাজ করতেন। কিছুদিন আগে গুজরাট পুলিশ সেই দোকানদারের অভিযোগের ভিত্তিতে তাপস মন্ডলকে ধরে নিয়ে যায় এবং দীর্ঘ জেরা করে। সেই জেরায় তাপস মন্ডল সাংসদ প্রতিনিধি রাম মান্নার সঙ্গে তার লেনদেনের বিষয়টি স্বীকার করে। তার বয়ানে সাংসদ প্রতিনিধির সঙ্গে যোগসাজশের বিষয়টি স্পষ্ট হয়। তাপস মন্ডল স্বীকার করে ৯৭০ গ্রাম সোনা সে রাম মান্নাকে দিয়েছে। এই স্বীকারোক্তির ভিত্তিতে গুজরাট পুলিশ ঘাটালের কুশপোতা গ্রামে হাজির হয় মঙ্গলবার, এবং রাম মান্নার বাড়িতে হানা দেয় সেই সময় রাম মান্না বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রুপা মান্না তদন্তকারী পুলিশ আধিকারিকদের জানান, বিশেষ কাজে তিনি বাইরে গেছেন।
ঘাটালের তৃণমূল নেতা শশাঙ্ক দোলই বলেন, তাপস মন্ডল অনেকদিন আগেই রামপদ মান্নার এই সোনা লেনদেনের বিষয়টি তাকে জানিয়েছেন। এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। সেই অভিযোগের মধ্যে সোনা লেনদেনের বিষয়টিও ছিল। এলাকার অনেকেই জানেন, তিনি অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত। তবে আইন আইনের পথেই চলবে।
ঘাটাল বিজেপির সাংগঠনিক সম্পাদক রাম দে বলেন, সোনা পাচার, গরু পাচার করাই এদের কাজ। সুতরাং পুলিশ তো তার বাড়িতে হানা দেবেই। আগেও তার বিরুদ্ধে তার বাড়িতে সোনা কান্ডে পুলিশ হানা দিয়েছিল বলে শুনেছি।
এ বিষয়ে ঘাটালের সাংসদ দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

