আমাদের ভারত, হাওড়া, ১ ফেব্রুয়ারি: হাওড়ায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি সলপ ১ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, রাজীব ব্যানার্জি ঘনিষ্ঠ গোপাল ঘোষ।
আহত গোপাল ঘোষ জানান, সরকারি অনুদানের টাকা নয়ছয় করা হচ্ছে বলে তার নামে মিথ্যে পোস্টার দেখা যায় গোটা এলাকায়। তারই প্রতিবাদে সোমবার রাতে ফেসবুক লাইভ করছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষ। তখনই তার ওপর হামলা চালায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তার মাথায় ও বাঁ হাতে গুরুতর আঘাত করা হয়। হামলাকারীরা সকলেই বর্তমানে ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণী ঘোষের আশ্রিত বলে তিনি জানিয়েছেন। ঘটনার পরেই তাকে উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে আপাতত তিনি ডোমজুড়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই তার তরফ থেকে ডোমজুড় থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে গোটা বিষয় নিয়ে। সব মিলিয়ে আবারো প্রকাশ্যে চলে আসলো হাওড়ার ডোমজুড়ে রাজীব ও কল্যাণের গোষ্ঠী দ্বন্দ্ব।

