জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই:
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চন্দ্রকোনা রোডে মঙ্গলবার গড়বেতা ৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস অভিনব অবস্থান কর্মসূচি নিয়ে গান্ধীবাদী কায়দায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনমত তৈরির প্রয়াস নিয়েছে।
এদিন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাগর মণ্ডলের নেতৃত্বে বিভিন্ন অঞ্চল যুব সভাপতি সহ যুব কর্মীদের নিয়ে চন্দ্রকোনা রোডের পেট্রোল পাম্পগুলিতে বিশেষ প্রতীকি অবস্থান ও পরিক্রমা কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যানার ছাড়াও বিভিন্ন কার্টুন প্ল্যাকার্ড সহ বর্ণাঢ্য ছিল এই অবস্থান ও পরিক্রমা কর্মসূচি। পেট্রোল পাম্পে আসা বাইক আরোহী, গাড়ির চালক প্রত্যেককেই নমস্কার জানিয়ে হাত স্যানিটাইজ করার পর পেট্রোলের দাম সেঞ্চুরি করা এবং ডিজেলের দাম সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকার কথা বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ‘মোদীবাবু ১০০+’ নামাঙ্কিত মিষ্টির হাঁড়ি হাতে মিষ্টিমুখ করানো হয়। এরপর চন্দ্রকোনা রোড চৌরাস্তার মোড়ে পথচলতি মানুষজন, বাইক আরোহী, বিভিন্ন যানবাহনের চালকদেরও নমস্কার জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশেষত পেট্রোলের দামের সেঞ্চুরির জন্য তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতীকি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির কটাক্ষ করা হয়।
ব্লক যুব সভাপতি সাগর মন্ডল বলেন, ‘মোদীবাবু ১০০ নট আউট। ‘শাসনের নামে শোষণ নীতি নিয়ে চলছে। অবিলম্বে এদের আউট না করলে দেশবাসীর চূড়ান্ত সর্বনাশ। তাই জনসচেতনতা বাড়িয়ে, জনমত তৈরি করে, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতেই আমাদের এই কর্মসূচি।’ কেন্দ্রের জনবিরোধী এই কার্যক্রমের বিরুদ্ধে আগামীদিনে জনগণকে সংগঠিত করে গড়বেতা ৩ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস আরও আন্দোলনমুখী হবে বলে জানালেন ব্লক যুব সভাপতি সাগর মন্ডল।

