আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৬ জুলাই: গোটা রাজ্যের পাশাপশি দক্ষিণ ২৪ পরগণাতেও উল্লেখযোগ্য ভাবে কমেছে করোনা সংক্রমণ। রবিবার পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১২০২। অথচ, একমাস আগে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪৬৬০ জন। জেলার বিভিন্ন প্রান্তে করোনা আক্রন্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমলেও এখনও পর্যন্ত ভাঙড়ে যথেষ্ট পরিমাণে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেই সব এলাকা চিহ্নিত করে মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে প্রশাসন।

আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
বেশ কিছুদিন ধরে ভাঙড় ১ ব্লকের বাঁকড়ি, উশপাড়া, বৈরামপুর, ঘটকপুকুর সহ বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তাই ভাঙড় ১ ব্লক প্রশাসন মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিনদিন ব্লক এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া ব্লক এলাকার ভাঙড় প্রাণগঞ্জ, ঘটকপুকুর, বোদরা, চন্দনেশ্বর, শাঁকশহর সহ প্রায় ১৫টি বাজারের সমস্ত দোকান, বাজার বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বাজার স্যানিটাইজ করার পরিকল্পনা নিয়েছে ব্লক প্রশাসন।

এ বিষয়ে ভাঙড় ১ ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার বলেন, “ব্লকের বেশ কিছু এলাকায় নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। সেই কারণে পরিস্থিতি মোকাবিলায় তিনদিন দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাজার গুলি স্যানিটাইজ করা হবে।”

