সামশেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন, ১৬ টি বাড়ি বিলীন নদী গর্ভে, আতঙ্কিত বাসিন্দারা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ ডিসেম্বর: সামশেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। শুক্রবার সকাল ৮.৩০ থেকে আবার নতুন করে গঙ্গা ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কিত সামশেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের কামালপুর গ্রাম। ইতিমধ্যেই কয়েকশো বিঘা জমি গঙ্গা গ্রাস করে নিয়েছে। ১৫ থেকে ১৬ টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। গঙ্গার পাশে থাকা বাকি ঘরবাড়ির বাসিন্দারা ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কোথায় যাবেন কোথায় থাকবেন পরিবারের সদস্যদের নিয়ে তার কোনও হদিস তারা খুঁজে পাচ্ছেন না।

তারা বার বার করে আবেদন জানাচ্ছেন সরকারকে গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান করার জন্য, কিন্তু কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। তাদের বক্তব্য, সরকার মাথা গোঁজার জায়গা যদি দেয় তাহলে পরিবারের লোকজন নিয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারবো। কবে এই এলাকার গঙ্গা ভাঙ্গন রোধের কাজ শুরু হবে এই আশায় দিন গুনছেন গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে গঙ্গায় তলিয়ে যাওয়া বাড়িঘরের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *