বর্ধমানের কাঁকসায় তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

জয় লাহা, দুর্গাপুর, ৩১ মার্চ: নির্বাচন যতই এগিয়ে আসছে। ততই তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। নির্বাচনের আগে আবারও তাজা বোমা উদ্ধার হল। বুধবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল কাঁকসার জাটগড়িয়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ও বোমস্কোয়াড একটি কালভার্টের নীচ থেকে বোমাগুলি উদ্ধার করে। 

জানা গিয়েছে, এদিন সকালে জাঠগড়িয়া এলাকায় কাঁকসা এসিপি অক্সত গর্গ এর নেতৃত্বে রুটমার্চ চলছিল। ওই সময়  জাঠগড়িয়া – শিবপুর রাস্তার কালর্ভাটের নীচে একটি প্লাস্টিকের জ্যারিকেন নজরে পড়ে পুলিসের। তল্লাশি করতেই তারমধ্যে তাজা বোমা দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও বম্বস্কোয়াড। ওই জ্যারকিন থেকে ২১ টি তাজা বোমা উদ্ধার করে।পরে বম্বস্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। 

নির্বাচনে সন্ত্রাস ও নাশকতা রুখতে ইতিমধ্যেই পুলিস একাধিক এলাকার সীমান্তে নাকা তল্লাশি শুরু করেছে। এদিকে বোম উদ্ধার ঘিরে শুরু হয়েছে তৃণমূল – বিজেপি রাজনৈতিক তরজা। ঘটনায় গলসীর বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন, “তৃণমূলের পায়ের নীচের মাটি সরে গেছে, ক্ষমতায় টিকে থাকতে মানুষকে ভয় দেখিয়ে এলাকা অশান্ত করতে চাইছে। ২০১৮ সালে ওই এলাকায় সন্দীপ ঘোষ নামে আমাদের এক কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে খুন হয়। নির্বাচনের দিন এলাকায় সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এভাবে বোমা মজুত করেছে। এলাকাজুড়ে তল্লাশির জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো।”

যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিকে আঙ্গুল তুলেছে  তৃণমূল। কাঁকসা ব্লকের তৃণমূলের সভাপতি দেবদাস বক্সী বলেন, “নির্বাচনের সময় এলাকায় সন্ত্রাস ছড়াতে বিজেপি’র দুষ্কৃতিরা বোমা মজুত করেছিল ওই এলাকায়। বিজেপি’র সঙ্গে বালি ও কয়লা মাফিয়ারা যুক্ত আছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাবো।”

উল্লেখ্য, কয়েকদিন আগে পাণ্ডবেশ্বর থানার দান্ন্য এলাকায় ৬টি তাজা সুতলি বোমা উদ্ধার করে পুলিশ। গত রবিবার আসানসোল কুলটি থানার লছিপুর এলাকা থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। নির্বাচনের সময় এদিন ফের বোমা উদ্ধার হওয়া স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক  ছাড়িয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন জানান, “গত তিন দিনে জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ১১ টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও ৭৪ টি তাজা বোমা উদ্ধার হয়েছে।  ঘটনায় অভিযুক্ত ১৩ জন’কে গ্রেফতার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ২৪ ঘন্টা নাকা তল্লাশি চালানো হচ্ছে। জেলায় ঝাড়খন্ড সীমান্তবর্তী  ৯ টি জায়গায় ও আন্তঃ জেলা সীমান্তে ১১ টি জায়গায় নাকা তল্লাশি চলছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *