স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ জানুয়ারি: পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণে আহত তিন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইল এলাকায়। ঘটনায় গুরুতর আহত তিনজনকে রায়গঞ্জ গর্ভরমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের নাম তপন রায়, বাবলু চৌধুরী, মহঃ সফুর। তারা বর্তমানে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পেশায় ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরী আহত অবস্থায় জানিয়েছেন, তার নামে একটি একটি পার্সেল টোটোতে করে আসে। পার্সেলটিতে তার নাম ও ফোন নাম্বার লেখা ছিল বলে দাবি তার। এবং পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি পার্সেল আসে তাতে নাম লেখা ছিল বাবলু চৌধুরীর। সেই পার্সেলটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে তাতে তিন জন আহত হয়। তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে পাঠিয়েছে বা কোথা থেকে ওই পার্সেলটি এসেছিল তা কেউ বলতে পারছে না। এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।

