স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: ফের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বড়সড় ভাঙ্গন কংগ্রেসে। ইসলামপুর পৌরসভার একমাত্র কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার তথা ইসলামপুরের প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি হাজি মুজাফ্ফর হুসেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার দুপুরে ইসলামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তিনপুল এলাকায় এই যোগদান সভার আয়োজন করা হয়। তিনি কিছুদিন আগেই কংগ্রেসের ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং বুধবার তিনি তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

কানাইলাল আগরওয়াল বলেন, হাজি মুজাফ্ফর হুসেন কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন। তিনি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং পশ্চিমবঙ্গে কোনও দলের অস্তিত্ব নেই শুধু তৃণমূল ছাড়া। ইসলামপুর পৌরসভার ১৭ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তার পাশাপাশি যারা জিতবেন তাদেরকেই প্রার্থী করা হবে এমনটাই মঞ্চ থেকে ঘোষণা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

