কাউন্সিলরের উদ্যোগে “কোভিড গ্রিন ভলেন্টিয়ার্স” টিম গঠন হলদিয়ায়

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জানুয়ারি:
হলদিয়া পুর এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলির উদ্যোগে ৩০০ জন কোভিড যুব যোদ্ধাদের নিয়ে গঠন করা হল “কোভিড গ্রিন ভলেন্টিয়ার্স” টিম। মাস্ক, স্যানিটাইজার, ওষুধ পত্রের পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা যেমন থাকছে তেমনি ৮০০১৪৭৭২২৩ নম্বরে ফোন করে যে কোনো পরিষেবার জন্য ফোন করলে ২৪ ঘন্টা পরিষেবা পাওয়া যাবে। বৃহস্পতিবার এই পরিষেবা কর্মসূচির অনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধনচন্দ্র জানা, হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা আইনজীবী গোপাল দাস, শিক্ষক অনুপ পাঁজা সহ অন্যান্যরা।

হলদিয়া পুরসভার কাউন্সিলর আজগর আলি বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যেভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হলদিয়া যুব যোদ্ধারা প্রস্তুত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার সাধারণ মানুষকে সুস্থ রাখতে যেভাবে কাজ করছে সেই কাজে আমরাও সামিল হয়ে কাজ শুরু করেছি। করোনায় আক্রান্ত হয়ে যাতে কেউ মারা না যায় তার জন্য আমরা সদা তৎপর রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *