ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গম পাচার চক্রের হদিশ, আটক লরি, হিলির এক ব্যবসায়ী সহ তিনজনের বিরুদ্ধে মামলা পতিরাম পুলিশের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ মে: বাংলাদেশে পাচারের আগেই ১৪ লক্ষ টাকার এফসিআই’এর চাল সহ একটি লরি আটক করলো পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার ঘটনা। ঘটনায় হিলির এক ব্যবসায়ী সহ গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পতিরাম থানার পুলিশ। তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে অভিযুক্তদের নাম।

পুলিশ সূত্রের খবর, রাজ্যের বাইরে থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সীলমোহর দেওয়া বস্তা বোঝাই গম আনা হয়েছিল পতিরামে। বিপুল অর্থের ওই গম মজুত করা হয়েছিল পতিরামের বাসিন্দা পীযুষ সরকারের একটি গোডাউনে। যে গোডাউনটি বেশকিছুদিন আগে পীযুষ বাবু ভাড়া দিয়েছিলেন সাওরমল আগরওয়ালা নামে এক ব্যবসায়ীকে বলেও পুলিশ সুত্রের খবর। রাতের অন্ধকারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য অত্যন্ত গোপনে সেই গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি গম লরি বোঝাই করা হচ্ছিল বলেও অভিযোগ। গোপন সূত্রে এমন খবর পেতেই পতিরাম থানার পুলিশ এলাকায় হানা দিয়ে প্রায় ১৪ লক্ষ টাকার গম সহ একটি লরি আটক করে। যদিও ঘটনাস্থল থেকে কাউকেই গ্রেফতার করতে পারেনি পতিরাম থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হিলির এক ব্যবসায়ী অবৈধ ভাবে সরকারি ওই বিপুল পরিমাণ গম মজুত করে রেখেছিল সেখানে। যা সুযোগ বুঝেই পাচারের চেষ্টা চলছিল।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, গোপন খবরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গম আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি লরিও। ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে কারো নাম সামনে আনা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *