শেষ পর্যন্ত তিন মাস পর স্থায়ী ডিজি নিয়োগ রাজ্য পুলিশে

রাজেন রায়, কলকাতা, ২৮ ডিসেম্বর: অবশেষে তিন মাস রাজ্য পুলিশের ডিজি পদে স্থায়ীভাবে নিয়োগ।‌ নতুন ডিজি হলেন মনোজ মালব্য। গত ৩১ আগস্ট ওই পদে অবসর নিয়েছিলেন বীরেন্দ্র। তারপর থেকে মনোজ মালব্যই অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁর নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মঙ্গলবারই রাজ্যপালের সম্মতি সাপেক্ষে নবান্ন থেকে নোটিফিকেশন জারি করে মনোজ মালব্যকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা হল। ওই পদে তিনি থাকবেন আগামী ২ বছর। সিনিয়র আইপিএস মনোজ মালব্য গত সেপ্টেম্বর মাস থেকে রাজ্য পুলিশের ডিজি (আধুনিকীকরণ) এবং আইজিপি পদে নিযুক্ত ছিলেন। পাশাপাশি তিনি রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

রাজ্য পুলিশের স্থায়ী ডিজি পদে বীরেন্দ্রর অবসরের পর থেকেই ওই পদে কাকে আনা হবে তা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছিল। কেন্দ্রের অনুমোদনের জন্য আটকে ছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্থায়ী ডিজি পদের নিয়োগ। অবশেষে গত বৃহস্পতিবার মনোজ মালব্যকে স্থায়ী ডিজি করা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে কেন্দ্রের ছাড়পত্র আসে। এরপর তা যায় রাজ্যপালের কাছে। তিনিও মনোজ মালব্যের নিয়োগে সম্মতি দেন। শেষ পর্যন্ত মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করে।

সূত্রের খবর, রাজ্যের তরফে কেন্দ্রের কাছে ডিজি পদের জন্য পাঠানো হয়েছিল ৬টি নাম। এদের মধ্যে ছিলেন আইপিএস মনোজ মালব্য, সুমনবালা সাহু, নীরজ পান্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বের সিং, বিবেক সহায়। কিন্তু কেন্দ্র থেকে কারও নাম না আসায় ৩১ আগস্টের পর মনোজ মালব্যকেই অস্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করেছিল নবান্ন। শেষপর্যন্ত তিন মাস পর স্থায়ী ডিজি পেল রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *