স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ফেব্রুয়ারি: বাবার মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে ঘরছাড়া মা। এরপর শুরু হয় সন্তানদের উপর অত্যাচার। অধিক রাতে তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সারারাত অন্যত্র কাটিয়ে সকাল হতেই শান্তিপুর থানার দ্বারস্থ হন তিন সন্তান। ঘটনাটি শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর জমাত কলোনি বাদল পুকুর এলাকার।
অত্যাচারিত কিশোরী কন্যা জুহি খাতুনের অভিযোগ, গত তিন মাস আগে বাবার মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে সংসার ছেড়ে চলে যায় মা। এরপর ১৪ বছর বয়সী জুহি খাতুন ও তার দুই ছোট ছোট ভাইয়ের উপরে প্রতিনিয়ত অত্যাচার চালায় বাবা। গতকাল রাতে জুহি খাতুন ও তার ছোট ছোট দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয় বাবা নসিব কারিকর। সারা রাত প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি খাতুন ও তার দুটি ভাই।
জুহি খাতুনের কাছ থেকে জানা যায়, তার এক ভাইয়ের নাম ইসলাম কারিকর বয়স ন’ বছর, ছোট ভাই রোহিত কারিকর বয়স মাত্র ৫ বছর। সোমবার সকাল হতেই তিন ভাই বোন একই সাথে শান্তিপুর থানার দ্বারস্থ হয় এরপর বাবার অত্যাচারের কারণে বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। স্বভাবতই এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা শান্তিপুর থানা, অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

