আমাদের ভারত, বীরভূম, ২৯ নভেম্বর: ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম থাকলে গ্রামের সাধারণ পরিবার থেকেও যে দেশের অন্যতম বড় বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরোতে পৌঁছানো যায়, তারই নজির গড়লেন বীরভূমের মাড়গ্রাম থানার কানাইপুর গ্রামের ছেলে মহম্মদ সুলতান। কৃষক পরিবারের সন্তান সুলতান এবার ইসরোর বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দে আত্মহারা পরিবার- পরিজন থেকে শুরু করে গোটা গ্রাম।

ছোটবেলা থেকেই কানাইপুর গ্রামেই বেড়ে ওঠা সুলতানের। গ্রামের স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেন তিনি। পড়াশোনায় ভালো হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে উচ্চশিক্ষার জন্য গ্রামের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন।

এরপর হাওড়ার আল- আমিন মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ভালো ফলাফল নিয়ে। পরবর্তীতে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিটেক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক সম্পন্ন করেন। এরপর পিএইচডি করার জন্য ভর্তি হন আইআইটি খড়্গপুরে। সেখানে পড়াশোনা চলাকালীনই ইসরোর সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। অবশেষে ২২ অক্টোবর ফলাফল প্রকাশিত হতেই আসে বহু প্রতীক্ষিত সুখবর। সর্বভারতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে ইসরোর বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হন মহম্মদ সুলতান। ফলাফল প্রকাশের পরই পরিবারের সদস্যদের ফোন করে নিজের সাফল্যের খবর জানান তিনি। আর সেই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা।

সুলতানের এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর কৃষক বাবার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ। পাশাপাশি দাদা ও বৌদির অবদানও কোনও অংশে কম ছিল না। ছোট থেকেই তাঁদের স্বপ্ন ছিল, ভাই একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে এবং ভালো জায়গায় পৌঁছাবে। আজ ভাইয়ের এই সাফল্যে তাঁদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে সুলতানের জীবনযাপনের একটি দিক আরও আকর্ষণীয়। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসেন তিনি, সিনেমা দেখতেও পছন্দ করেন। এমনকি পড়াশোনার জন্য তাঁর নির্দিষ্ট কোনও সময়সূচিও ছিল না।
যখন মনে হতো, তখনই পড়তে বসতেন। অর্থাৎ শুধু বইয়ের পাতায় ডুবে থাকাই নয়, নিজের পছন্দের কাজের জন্যও সময় বের করতেন। কানাইপুরের মতো ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক বড় সাফল্য। মহম্মদ সুলতানের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, গোটা বীরভূম জেলার গর্ব। তাঁর সাফল্য আগামী দিনে গ্রামের অসংখ্য ছাত্র- ছাত্রীর কাছে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে থাকবে।
অবশ্য সুলতানের সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে বৌদি রুবিনা খাতুনের। তিনি সুলতানকে নিজের ছেলের মতো করে পড়াশোনা করিয়েছেন। রুবিনা বলেন, “আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন দেওর সুলতান ষষ্ঠ শ্রেণির ছাত্র। এসে থেকেই তার মেধা আমার নজরে এসেছে। এরপর থেকে আমি ওর পড়াশোনার পিছনে লেগেছিলাম। আমি যতটা পেরেছি ওকে পড়াশোনায় সাহায্য করেছি। ফলে এই সাফল্যে আমি গর্বিত। ওর পরীক্ষার ফলাফল শুনে আমার চোখে জল এসে গিয়েছিল”।
সুলতান নিজেও স্বীকার করেন বৌদি এবং পরিবারের সহযোগিতার কথা। তিনি বলেন, “মাধ্যমিক পরীক্ষা গ্রামে দিয়েছিলাম। এরপর হাওড়ায় আল আমিন স্কুল থেকে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম। তবে আমার সাফল্যের পিছনে পরিবারের দাদা- বৌদি, মা- বাবার ভূমিকা যথেষ্ট। তাঁদের জন্যই আমি চাঁদে পৌঁছনোর স্বপ্ন দেখতে শুরু করেছি।”

