জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই হাতির অত্যাচারে অতিষ্ঠ কৃষক মহল। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির নছিপুর ও বাঘাস্তির বিস্তির্ণ এলাকাজুড়ে এবছর ব্যাপক পরিমাণে সরষে, আখ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ব্যাপকভাবে চাষ হয়েছে। প্রকৃতির খামখেয়ালিপনা আর ঘূর্ণিঝড়ের দাপটে সোনালী ফসল মাঠে মারা গেছে। সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই বুনো হাতি দাপট দেখাতে শুরু করেছে হরিপুরা, ঝাড়েশ্বরপুর এলাকায়। ক্ষেতের আখ, সরিষা সহ বিভিন্ন রকমের সবজি পায়ে মাড়িয়ে নষ্ট করছে হাতির দল।
একদিকে সার ও ওষধের দাম, অন্যদিকে বীজের দাম সবই ঊর্ধ্বমুখী। কেউ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কেউবা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনও রকমে চাষ করেছেন। কিন্তু ২৫-৩০টি হাতির একটি দলের অত্যাচারে দিশেহারা চাষিরা। পালের মধ্যে আবার কয়েকটা বাচ্চা হাতিও রয়েছে। এলাকার মানুষজন হাতিগুলিকে এই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, বনদপ্তরকে জানিয়েও কোনও লাভ হয়নি। ইতিমধ্যে হাতির পালকে না তাড়ালে আরও ব্যাপক ক্ষতির সস্মুখীন হতে হবে বলে জানান এলাকাবাসীরা। তারা যে কোনওভাবেই হোক এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে চাইছেন।

