রাজ্যপালের জন্মদিনে ভেড়ার পাল নিয়ে অভিনব প্রতিবাদ যুবকের

রাজেন রায়, কলকাতা, ১৮ মে: এই মুহূর্তে রাজ্যে সবচাইতে আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর ভূমিকা নিয়ে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতা-মন্ত্রীরা। আজ মঙ্গলবার তাঁর জন্মদিন। তিনি আগেই জানিয়েছিলেন যে এই বছর তিনি জন্মদিন পালন করবেন না। অবশ্য গত বছরও তিনি জন্মদিন পালন করেননি। কারণ করোনা অতিমারীর সঙ্গে লড়াই করছে গোটা দেশ। এই বছর তিনি আগেই জানিয়েছিলেন জন্মদিন পালন করবেন না করোনা এবং ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে। তবে, তিনি জন্মদিন ঘটা করে পালন না করলেও শুভেচ্ছার বন্যায় ভাসলেন সকাল থেকেই। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি থেকে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তাঁকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকাল থেকেই অসংখ্য শুভেচ্ছাবার্তা তিনি পেয়েছেন এবং তিনিও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। আজ তাঁর ৭০ বছর পূর্ণ হল বলে খবর।

অন্যদিকে তাঁর জন্মদিনেই মঙ্গলবার রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে গিয়ে প্রতিবাদ দেখালেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুমন মিত্র। তাঁর অভিযোগ, রাজ্যের মানুষ লকডাউন মেনে বাড়িতে বসে রয়েছে। সেখানে রাজ্যপালের জন্য রাজ্যে রাজনৈতিক জমায়েত হচ্ছে। তাই তিনি তাঁর আন্দোলনের স্লোগান দিয়েছেন ‘রাজ্যপাল না ভেড়ার পাল!’ তিনি বলেন যেখানে ভেড়ার জায়গা সেখানেই তিনি ভেড়া নিয়ে এসেছেন। তাঁর কথায় রাজভবন ভেড়ার জায়গা। করোনাকালে লোক আনা যাবে না বলে তিনি সংগঠনের সদস্যদের নিয়ে আসেননি একাই এসেছেন বলেও জানিয়েছেন।

সুমন মিত্র নিজেকে কোনও রাজনৈতিক সদস্য হিসেবে পরিচয় দিতে নারাজ ছিলেন। তাঁর কথায় লকডাউনের কারণে যখন দিন আনি দিখ খাই মানুষ তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অধিকাংশ মানুষ বাড়ির বাইরে যেতে পারছেন না তখন রাজ্যে কোভিড বিধির তোয়াক্কা না করেই রাজনৈতিক জমায়েত হচ্ছে। তবে তাঁকে বেশিক্ষণ সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি পুলিশ সরিয়ে দেয় সুমনকে। সরিয়ে দেওয়া হয় ভেড়ার পালও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *