মানবদরদী অজিত মাইতিকে নতুন ট্রাইসাইকেল উপহার দিল সুবর্ণরৈখিক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ জুলাই: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের খাড়বান্ধি এলাকার মানবদরদী বৃদ্ধ অজিত মাইতিকে রথযাত্রার দিনে নতুন ট্রাইসাইকেল উপহার তুলে দিল সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”।

প্রসঙ্গত কিছুদিন আগে খাড়বান্ধির রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে করোনা টিকা কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন এই ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল। তিনি দেখেন বৃদ্ধ অজিত মাইতি তাঁর ভাঙ্গাচোরা ট্রাই সাইকেলে কিছু ইট এনে স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার রাস্তায় ফেলছেন। বিশ্বজিৎ বাবু ভেবেছিলেন অজিত বাবু হয়তো নিজের সাইকেলটিকে ওখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করছেন। কিন্তু বিশ্বজিৎবাবু দেখেন ওই বৃদ্ধ ইট কাদাতে ফেলে যাতায়াতের রাস্তা করে দিয়ে ফিরে যাচ্ছেন। বিশ্বজিৎ বাবু ছুটে গিয়ে ইটগুলি ফেলার কারণ জানতে চাইলে অজিত বাবু জানান, স্বাস্থ্যকেন্দ্রে আসা আমজনতার দুর্ভোগে কমাতে তিনি নিজের বাড়ি থেকে ইট এনে ফেলছেন।

এ বিষয়ে “আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুক গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল বলেন, কিছুদিন আগে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলাম স্কুলে ঢোকার মুখে বৃষ্টির কারণে জল জমে গিয়েছিল। আমিও সেই জল কাদার উপর দিয়ে গিয়ে টিকাকেন্দ্রে প্রবেশ করি। তার পর বেরনোর সময় দেখি সেই কাদার সামনে অজিতবাবু তার ট্রাই সাইকেলে করে কিছু ইট এখানে ফেলেছিলেন। আমি ভেবেছিলাম উনি উনার সাইকেলটি পার করার জন্য এগুলি এনেছেন কিন্তু দেখলাম তিনি সাধারণ মানুষের সুবিধার্থে ইটগুলি কাদার উপরে ফেললেন। উনার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাতে আজ আমরা রথযাত্রার দিন কিছু সদস্য মিলে উনাকে একটি ট্রাই সাইকেল উপহার দিলাম। আজকের এই কর্মসূচিতে বিশ্বজিৎ পাল ছাড়ও উপস্থিত ছিলেন অনিমেষ সিংহ, শিব পাণিগ্রাহী, মণিময় সাউ, কিশোর কুমার রক্ষিত, অংশুমান পাহাড়ি, পলাশ দে, রাজীব বেরা, মানস মাইতি সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *