সাথী দাস, পুরুলিয়া, ১৬ জুন: সরকারি প্রকল্পের হাত ধরে বান্দোয়ানে পাহাড়ের মাটি সবুজ হচ্ছে। রকমারি ফল, সবজি চাষ হচ্ছে। লাল পাথুরে মাটি সবুজ প্রাকৃতিক গালিচায় ঢাকছে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে। স্থানীয়রাই এই সম্পদ সৃষ্টি করছেন।

১ বছর আগে করোনা পরিস্থিতির মধ্যেই পুরুলিয়া জেলায় শুরু হয় ১০০ দিনের কাজের মধ্য দিয়ে ‘মাটির সৃষ্টি প্রকল্প’। এই কাজে স্থানীয় জব কার্ডধারি এবং ভিন রাজ্য ফেরত শ্রমিকরা কাজের সুযোগ পান। ইতিমধ্যেই কাশ্মীরী লঙ্কা, পেঁপে, বেগুন, লঙ্কা, লাউ, কুমড়ো সহ অন্যান্য অর্থকরি সবজির ফলনও বেড়েছে। ধীরে ধীরে রূপ বদলাচ্ছে কেশরার মাটির সৃষ্টি প্রকল্প স্থল। বৃহৎ আকারের পুকুরে জমছে বর্ষার জল। সেখানে মাছ চাষ, হাঁস চাষের সম্ভাবনা তৈরি হচ্ছে।

আজ বৃষ্টি উপেক্ষা করেই ১০০ দিনের কাজ ও মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে যান পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ প্রতিনিধি দল। এদিন জেলার প্রান্তিক এলাকা বান্দোয়ান ব্লকের বেশ কয়েকটি জায়গার মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করন তাঁরা। জেলাশাসকের সঙ্গে ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। এই কাজে শ্রমিকদের উৎসাহ দিতে এবং আগামী দিনে আরও সবজি উৎপাদনের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বর্ষার সময় মাছ চাষ ও হাঁস চাষ নিয়েও আলোচনা করেন জেলাশাসক।

