স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১ জুন:
ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার চাকদায়। মৃত যুবকের নাম নীলকমল দাস, বয়স ২১ বছর, পেশায় দিনমজুরের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, চার বছর নীলকমল বাড়িতে থাকতেন না , কয়েকদিন আগে বাড়িতে ফিরে আসে। গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান নীলকমল, রাতে আর বাড়ি ফেরেনি সে। আজ সকালে পরিবারের লোকজন খবর পান নীলকমল রক্তাক্ত অবস্থায় মাঠে পড়ে রয়েছে। নীলকমলের বাবা বলেন, এলাকায় এক বৃহন্নলার সাথে বন্ধুত্ব ছিল নীল কমলের। তার সঙ্গেই ছিল নীলকমলের ওঠাবসা।

ঘটনাস্থলে আসেন চাকদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঠিক কি কারণে এই খুন, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে চাকদা থানার পুলিশ।

