বাগদায় কিশোরীকে শারীরিক নির্যাতন, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ ফেব্রুয়ারি: মুখ বেঁধে এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রক্তন প্রধানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনিমেষ বাইন। তিনি বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান ছিলেন।

স্থানীয় সূত্রের খবর, দিন কয়েক আগে সন্ধ্যার সময় এক নির্জন জায়গায় ওই নাবালিকাকে একা পেয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেই সময় নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় অভিযোগ করেন। ঘটনাটি ক্ষমা চেয়ে মিটিয়ে নেয়। বুধবার রাতে ওই নাবালিকা বাজার থেকে ফেরার পথে ফের তার মুখে রুমাল চেপে বাজারের একটি বন্ধ দোকানের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। কোনোরকমে বাড়ি পৌছে ঘটনার কথা খুলে বলে। পরিবারের লোকজন অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান অনিমেষের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার। যদিও এই প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘোর চন্দ্র হালদার জানিয়েছেন, এইসব অসামাজিক কাজকর্মের জন্য অনিমেষকে অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আমাদের দলের কেউ নয়। আইন আইনের পথে চলবে।

অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে রাজ্য উদ্বাস্তু সেলের বিজেপির কো- কনভেনার শিশির হাওলাদার বলেন, এমন জঘন্যতম কাজ তৃণমূলের নেতাদেরই করা সম্ভব। আমরা ওই পরিবারের সঙ্গে আছি। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ফাঁসির দাবি জানাই। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *