প্রশাসনিক উদাসীনতা! বর্ষার মরশুমেও আত্রেয়ীতে দৌরাত্ম্য বালি মাফিয়াদের, আতঙ্কিত কৃষকরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ জুন: প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ষার মরশুমেও দেদার বালি তুলছেন মাফিয়ারা। রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ আবাদি জমিও। আর যে ঘটনায় রীতিমতো আতঙ্কিত কৃষকরা। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা এলাকার। চাষের জমি নষ্ট করে বালি মাফিয়াদের এমন দৌরাত্ম্যে কার্যত ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার প্রায় চারমাস সরকারি ভাবে নদী থেকে যে কোনো প্রকার বালি তোলা নিষিদ্ধ থাকলেও সেই নিয়মের তোয়াক্কা করছে না কিছু অসাধু ব্যবসায়ী। প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে তো বটেই দিনের আলোতেও চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম। কখনো নৌকায় করে আবার কখনো ট্রাক্টরে করে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আত্রেয়ীর বালি। রাতের অন্ধকারে নদীর পাড় কেটে নিয়ে গিয়ে নষ্ট করা হচ্ছে আবাদি জমিও। আর যাকে ঘিরেই কার্যত ঘুম উড়েছে ফুলঘরা এলাকার কৃষকদের। ঘটনা নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা পিন্টু সরকার, বিনিময় মহন্ত ও আশিষ সরকাররা জানিয়েছেন, অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা কেন নিশ্চুপ রয়েছেন তা তাদের জানা নেই। নিয়ম করে সমস্ত চর এখন বন্ধ থাকলেও কিভাবে বালি তোলা হচ্ছে তা নিয়েই তাদের প্রশ্ন। রাতের অন্ধকারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে আবাদি জমির পাড়। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *