নকশালবাড়িতে আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে অশান্তি

আমাদের ভারত, দার্জিলিং, ২৬ জুন: শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের মধ্যে রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফাঁসিদেওয়া ব্লকে। বাকি খড়িবাড়ি ব্লক, মাটিগাড়া ব্লক ও নকশালবাড়ি ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়।

এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ভোট পরেছে ৭৮.৩০ শতাংশ। যদিও শেষ মহকুমা পরিষদ নির্বাচনের তূলনায় এবার ভোট কম পড়েছে। গত নির্বাচনে ভোট পরেছিল ৮২ শতাংশ। যদিও ভোট কম পরার পিছনে আবহাওয়াকেই দায়ী করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন সকালের প্রথম দিকে ঝেঁপে বৃষ্টি পরলেও বেলা যত বাড়তে থাকে ততোই আবহাওয়া পরিস্কার হতে শুরু করে। তবে সকাল দশটার মধ্যে ২৭ শতাংশ ভোট পরে। তবুও বৃষ্টি মাথায় করেই গ্রামবাসীকে ভোটের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়। আবহাওয়া পরিস্কার হলে গতি বাড়তে শুরু করে ভোটের। বুথে বুথে মানুষের লাইন বাড়তে থাকে। কিন্তু ছন্দপতন হয় ফাঁসিদেওয়া ব্লকে। ভোট শুরুর আগে থেকেই ওই ব্লকের বিভিন্ন বুথে উত্তেজনা ছড়াতে শুরু করে। বিরোধী রাজনৈতিক দল তো বটেই বিশেষ করে সংঘর্ষ হয় বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। সকালে চটহাট প্রাইমারি স্কুল দিয়ে শুরু হয় উত্তেজনা। নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে বসতে না দেওয়াকে ঘিরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জখম হয় তিনজন। এরপর তুফানডাঙ্গি, খালপাড়া এলাকার দুটি বুথে একইভাবে উত্তেজনা ছড়ায়। এরপর জোড়পাকরি, মহিপাল, খুদিগছ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়৷ অন্যদিকে, ধুমগড় ফাটামাড়িতে তৃণমূল কংগ্রেসের হাতে হেনস্থার অভিযোগ ওঠে। সেখানে হেনস্থা হন কংগ্রেস প্রার্থী শ্যামল মন্ডল। এছাড়া নকশালবাড়িতে বাগডোগরা বালিকা উচ্চবিদ্যালয়ে ছাপ্পাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, “খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর যেসব অভিযোগ বিরোধীরা তুলছে তার কারণ হচ্ছে তারা হেরে যাবে। তাই দেখেই এসব অভিযোগ তুলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে।”

শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন বলেন, “ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। লুট হয়েছে ভোট। জায়গায় জায়গায় ছাপ্পাবাজি এবং রিগিং করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *