নির্ঘন্ট ঘোষণার আগেই তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াইয়ে সরগরম পুরুলিয়া

সাথী দাস, পুরুলিয়া, ২১ জানুয়ারি: পুরুলিয়ায় পৌরসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই দেওয়াল দখলের লড়াইয়ে নেমে পড়ল শাসক-বিরোধী রাজনৈতিক দল। জেলার রঘুনাথপুর ও ঝালদাতে তুলনামূলকভাবে উত্তাপ না থাকলেও পুরুলিয়া পৌরসভা এলাকাতেই সরগরম বেশি। পুরুলিয়া পুরসভার ২৩ টি ওয়ার্ডেই চলছে দেওয়াল লিখলের কাজ।

এখনও ঘোষণা হয়নি ভোটের দিন, ঠিক হয়নি প্রার্থী তালিকাও, তবুও পুরুলিয়ায় পৌরবোর্ড দখল করতে মরিয়া বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। রং তুলি নিয়ে দেওয়ালে দলীয় প্রতীক এঁকেই স্বঘোষিত দাবিদাররা মাঠে নেমেছেন। নির্বাচনী লড়াইয়ের আগে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ জুজুধান এই দুই দল। একই সঙ্গে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছে বিজেপি নেতৃত্ব। এবারের নির্বাচনে অধিকাংশ গ্রহণযোগ্য নতুন মুখ নিয়ে বাজিমাত করতে চাইছে তৃণমূল। অন্যদিকে, শাসক দলকে টেক্কা দিতে বিজেপি ‘চলো পাল্টাই’ কর্মসূচি শুরু করেছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় বিজেপি শাসক দলের থেকে এগিয়ে রয়েছে। এবার পৌরসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। তাই একদিকে পৌর বোর্ড দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি, অন্যদিকে নিজেদের পৌরসভা নিজেদের দখলে রাখতে জোর দিয়েছে তৃণমূলও। তারই অঙ্গ হিসেবে নির্বাচনের আগে পুরুলিয়ায় শুরু হয়েছে দেওয়াল দখলের লড়াই ও প্রচারের লড়াই।

বিজেপি নেতৃত্বের দাবি, “পৌর নির্বাচনের জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত বিজেপি। সারাবছরই মানুষের পাশে থাকা দল বিজেপি। তাই শুধু নির্বাচনের দিনের অপেক্ষা মাত্র।” অন্যদিকে বিজেপিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, আমরা নিশ্চিত সব পুরসভারই দখল নেবে তৃণমূল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *