Eternal Songs, প্রকাশিত ‘ইটারনাল সংস‘: সৌম্য ভট্টাচার্যের ব্যতিক্রমী অনুবাদে অক্ষুণ্ন রবীন্দ্রসঙ্গীতের ছন্দ ও অন্ত্যমিল

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টি নির্বাচিত গানের সৌম্য ভট্টাচার্য- কৃত ইংরেজি অনুবাদ নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘Eternal Songs’। প্রকাশক হাওয়াকল পাবলিশার্স। সৌম্যের ব্যতিক্রমী অনুবাদের বিশেষত্ব হলো শুধু গানের ভাব বা বক্তব্য নয়, মূল রবীন্দ্রসঙ্গীতের ছন্দ, অন্ত্যমিল এবং কাব্যিক সৌন্দর্যকেও তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনের অ্যানেক্স হলে ঋক প্রকাশনী ও হাওয়াকল পাবলিশার্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক প্রমিতা মল্লিক বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক ড: সৌম্য ভট্টাচার্য বলেন, কোনও গান বা কবিতার মুক্ত অনুবাদে ভাব তথা ব্যঞ্জনা প্রাধান্য পেলেও তাতে অনেক সময় মূল রচনার ছন্দ ও অন্ত্যমিল হারিয়ে যায়। ফলে গানের বাণীর বিন্যাস ও ধ্বনিময়তার যে বিশেষ সৌন্দর্য, তা অনুবাদে পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই রবীন্দ্রনাথের মূল বাংলা গানের ছন্দ, অন্ত্যমিল এবং গীতিময়তাকে মাথায় রেখে তিনি ইংরেজি অনুবাদ করেছেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ প্রায় দু’ হাজার গান রচনা করেছেন। তার মধ্যে মাত্র ৫০টি নির্বাচিত গান এই বইয়ে অনূদিত হয়েছে। কিন্তু এই সামান্য অংশের মাধ্যমেও যদি অ-বাংলাভাষী পাঠক রবীন্দ্রসঙ্গীতের বিপুল সৃষ্টিসম্ভারের একটি আভাস পান, তবে তা-ই হবে এই উদ্যোগের সার্থকতা।

এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে দৃশ্য- শ্রাব্য উপস্থাপনা করেন বিশিষ্ট গ্রাফিক ডিজাইনার অধ্যাপক পিনাকী দে। অনুবাদচর্চার পরম্পরার দিক থেকে সৌম্যবাবুর অনুবাদের উৎকর্ষ প্রসঙ্গে বক্তব্য রাখেন অধ্যাপক অসীম মণ্ডল।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনুবাদকের স্বকণ্ঠে (তাঁর অনূদিত গানগুলির মূল বাংলা রূপের) গায়ন। প্রতিটি গানের আগে Eternal Songs থেকে সেই গানটির সৌম্য- কৃত ইংরেজি অনুবাদ পাঠ করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেনসিয়াল কলেজের ভূতপূর্ব ছাত্র ঋক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *