‘খেলা হবে’ স্লোগানে হুঁশিয়ারির অভিযোগে অনুব্রত মণ্ডলকে শোকজ নির্বাচন কমিশনের

রাজেন রায়, কলকাতা, ১৩ এপ্রিল: নির্বাচন এগোনোর সঙ্গে সঙ্গেই বারবার বিতর্কিত মন্তব্য করে কমিশনের কোপে পড়ছেন বিভিন্ন নেতা-নেত্রীরা। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা পেতে হয়েছে। এবার বিতর্কিত বক্তব্যের জন্য নির্বাচন কমিশন শোকজ করল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কমিশনের শোকজের ভিত্তিতে তাকে জবাব দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

‘খেলা হবে’ স্লোগানে হুঁশিয়ারির অভিযোগে শোকজ করা হয়েছে। মূলত অনুব্রত’র ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’ এই কথাতেই আপত্তি তুলে আগেই বীরভূমের নির্বাচনে দায়িত্বে থাকা আধিকারিককে চিঠি দেয় জেলা বিজেপি। তাদের দাবি, মিছিল কিংবা মিটিং-এ বারবার ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ব্যাট বল নিয়ে খেলা হবে। এই খেলায় আম্পায়ার নির্বাচন কমিশন ও আহতদের হাসপাতালে ভর্তি করা হবে’ বলছেন অনুব্রত। প্রচ্ছন হুমকি দিচ্ছেন অনুব্রত, এই মর্মে কমিশনে চিঠি দেয় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে আজ শোকজ করেছে নির্বাচন কমিশন। জবাব না দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন।

বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, জনসভা থেকে বারবার হুমকি দিচ্ছেন অনুব্রত। শেষ দফায় বীরভূমে নির্বাচন, এইভাবে ভয় দেখালে ভোটারদের মনে ভীতি ও সন্ত্রাস ছড়াতে পারে। তাই অবিলম্বে অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সোমবার থেকেই এই ধরনের অভিযোগের ভিত্তিতে সক্রিয়’ হয়েছে নির্বাচন কমিশন। যার সর্বশেষ সংযোজন অনুব্রত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *