আমাদের ভারত, বর্ধমান, ১ ডিসেম্বর: দুর্ঘটনা কমাতে বেশ কিছু উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বুধবার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হল সেফ ড্রাইভ সেভ লাইফ। করা হয় পারবীরহাটা মোড় থেকে কার্জনগেট পর্যন্ত এক শোভাযাত্রা। এতে অংশ নেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দুই মাস ধরে চলবে এই ট্রাফিক সচেতনতা বলে জানা গেছে।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে, সারাবছর ধারাবাহিকভাবে পুলিশ সচেতন করায় দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমানো গেছে। কিন্তু বেশ কিছু মানুষ নিয়ম কানুন না মেনে গাড়ি চালানোর ফলেই ঘটছে দুর্ঘটনা। সেই বিষয়গুলিকে চিহ্নিত করে জেলা পুলিশ দু’মাস ধরে ট্রাফিক সচেতনতা চালাবে। রাস্তার গুরুত্বপূর্ণ মোড় বা এলাকায় রিফ্লেকটিভ টেপ লাগানো হবে। যাতে রাতের অন্ধকারে গাড়িগুলি গতি নিয়ন্ত্রণ করে চলতে পারে। এছাড়া দুর্ঘটনা প্রবণ এলাকায় বেশ কিছু ভিডিও সাধারণ মানুষকে দেখানোর ব্যবস্থা করা হবে। যে ভিডিওতে দেখানো হবে দুর্ঘটনা কেন ঘটে। কি করলে মানুষ দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে।
ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাস ধরে এই কর্মসূচি চলবে।মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে এই কর্মসূচি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব দুর্ঘটনা কমিয়ে আনা। এখন শীতকাল। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তাই সাধারণ মানুষকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এছাড়া যেসব গাড়িতে গাড়ির গতি কমানোর জন্য ব্যবস্থা করা নেই। অর্থাৎ একটা গাড়ি সর্বোচ্চ নির্দিষ্ট গতিবেগের বাইরে চালাতে পারবে না সেটা দেখার জন্য অভিযান চালানো হবে। সেগুলো মূলত বাস ও পন্যবাহী গাড়ির জন্য।রাতের দিকে দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ জায়গায় রিফ্লেকটিভ টেপ লাগানো হবে। যা দেখে রাতের অন্ধকারে গাড়িগুলো গতি কমাতে পারে। যেসব জায়গা দুর্ঘটনা প্রবণ এলাকা সেই সব এলাকায় ভিডিও দেখিয়ে মানুষকে সচেতন করা হবে কিভাবে দুর্ঘটনা ঘটে। কি কি করলে দুর্ঘটনা এড়ানো যেতে পারে। বেশ কিছু মানুষ সচেতন হয়েছে। কিন্তু আরও কিছু মানুষ আছে যারা কিছুই নিয়ম মানতে চায় না। তাদেরও বোঝানো হবে।

