স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ নভেম্বর:
পারিবারিক অশান্তির জের, সাত সকালে প্রকাশ্য রাস্তায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল ছেলে। আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর পুরসভার লেবুতলা এলাকার বাসিন্দা বছর ৫০–এর অন্নবালা হালদার যখন কাজে যাচ্ছিলেন, তখনই দত্ত পাড়া এলাকায় অতর্কিতে তাঁকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তার বড় ছেলে জীবন হালদার। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় অন্নবালা দেবীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সাতসকালে ঘটা এমন এক ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে বিষয় সম্পত্তি নিয়ে হালদার পরিবারে বিবাদ চলছিল। আর সেই কারণেই এই আক্রমণ বলে প্রাথমিক ধারণা পুলিশের। অভিযুক্ত জীবন হালদারকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ।

