গরমে তীব্র জলকষ্ট মেটাতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পানীয় জলের মেশিন হাওড়ায় 

আমাদের ভারত, হাওড়া, ২০ মে: প্রতি বছর গরম পড়তেই হাওড়া শহরে তীব্র পানীয় জলের সঙ্কট শুরু হয়। সমস্যা মেটাতে এবার এগিয়ে এল হাওড়ারই এক স্বেচ্ছাসেবী সংস্থা লক্ষ্মী কাশি চ্যারিট্যাবল ফাউন্ডেশন। সংস্থার উদ্যোগে হাওড়ার টিকিয়াপাড়ায় টি এইট বাস স্ট্যান্ড সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে সর্বসাধারণের জন্যে বিনামূল্যে পানীয় জলের মেশিন বসানো হল।

আজ শুক্রবার এক অনুষ্ঠানে এই ঠান্ডা পানীয় জল পরিষেবার উদ্বোধন করেন লক্ষ্মী কাশি চ্যারিট্যাবল ফাউন্ডেশনের দুই নির্দেশক কাশীনাথ দাস ও লক্ষ্মী দাস। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখার্জি প্রমুখ।

কাশীনাথ দাস বলেন, এর আগেও তিনি জেলেপাড়া এলাকায় এরকম একটি জলাধার দিয়েছেন সাধারণ মানুষের ব্যবহারের জন্যে। আগামীদিনে আরও কয়েকটি জলাধার দেওয়ার ইচ্ছা আছে তাঁর।

তবে জলাধার রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসার আবেদন করেন তিনি। বলেন, এগুলো খারাপ হয়ে গেলে আর সারানো হয় না। তাই এলাকার ক্লাব ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যাতে সারাবছর এখান থেকে ঠান্ডা জল পেতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *