জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা টিকাকরণের গতি ত্বরান্বিত করতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হল “অ্যাম্বুলেন্সের মাধ্যমে করোনার টিকাকরণ কর্মসূচি”। মেদিনীপুর, খড়গপুর এবং ঘাটাল এই তিনটি পৌর এলাকাতে পুরসভার নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে করোনার টিকাকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

আজ মেদিনীপুর পুরসভাতে এই কর্মসূচির সূচনা হয়েছে।মূলত ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন বলে জেলাশাসক রশ্মি কোমল জানিয়েছেন। মেদিনীপুর পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান জানান, অ্যাম্বুলেন্সের মধ্যেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও কম্পিউটার অপারেটর থাকবেন। প্রতিদিন এক একটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে। দৈনিক ১০০ করে জন এই পরিষেবা পাবেন।
মেদিনীপুর পুরসভার পাটনা বাজার এলাকার ৮৩ বছর বয়সের বৃদ্ধ সত্য শঙ্কর গোস্বামী ও তাঁর স্ত্রীকে তাদের বাড়িতে পৌঁছে প্রথম টিকাকরণ করে এই কর্মসূচির শুরু করা হয়।

