রাজেন রায়, কলকাতা, ১৮ জুলাই: শনিবার সকালে ট্যাবলো উদ্বোধন করার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী সাধন পান্ডে। আর রাতে খবর রটে যায় তিনি মারা গেছেন। রীতিমতো এ খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রবিবার সকালে বাবার শারীরিক পরিস্থিতির কথা বিস্তারিত জানিয়ে মেয়ে শ্রেয়া পান্ডে আর্জি জানান, বাবার অসুস্থতা নিয়ে অযথা ভুল খবর রটাবেন না।
জানাগেছে, গভীর সঙ্কটজনক সাধন পাণ্ডে ফুসফুসে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি। সোমবার এমআরআই করা হবে মন্ত্রীর। এদিকে সাধন পাণ্ডের আরোগ্য কামনায় পুজোও করছেন অনুগামীরা।
শ্রেয়া পাণ্ডের আবেদন, “কিছু সোশ্যাল মিডিয়াতে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর ছড়িয়েছে। এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাক্ষন ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারা চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন। প্রার্থনার শক্তি অসীম, তার জন্য আপনারা সেই প্রার্থনায়ই করুন।”
রবিবার সকালে শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, তাঁর বাবাকে ৩০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে।
সূত্রের খবর, সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। ফুসফুসের সংক্রমণ রয়েছে। হৃদস্পন্দনও অনিয়মিত। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন।

