আমাদের ভারত, ৫ জুলাই: লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে পদ্ম শিবির। একাধিক ইস্যুতে রাজ্যবাসীর জনসমর্থন পেতে পরিকল্পনা তৈরি করে ফেলেছে বিজেপি বলে মনে করা হচ্ছে। সিএএ ইস্যুতে বাংলায় ধাক্কা খেয়েছে বিজেপি বলে ধারণা অনেকেরই। বিশেষ করে করেছে মতুয়া ভোটে এই কারণেই কোপ পড়েছে। এবার সেই সিএএ ইস্যু নিয়ে বড় দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সিএএ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে ফিরেই মঙ্গলবার তিনি বলেন, “বিজেপি যা বলে তা করে। রাম মন্দির কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল। আইন ছাড়াই আমরা তা করে দেখিয়েছি। সিএএ আমাদের লক্ষ্য। আমরা করে দেখাব ২০২৪ সালের অনেক আগেই।”
সুকান্ত মজুমদারের দাবিতে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে সত্যিই লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে? আর সেটাকে হাতিয়ার করেই কি বাংলার ভোটারদের মন জয় করবে বিজেপি? সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ মতুয়াদের দীর্ঘদিনের দাবি। গত মার্চে প্রধানমন্ত্রী মতুয়াদের এইটি ধর্মসভায় ভার্চুয়ালি যোগ দিলেও সিএএ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে শেষবার বঙ্গ সফরে এসে সিএএ নিয়ে সুর চড়িয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ির সভা থেকে তিনি বলেছিলেন, করোনার সমস্যা মিটলেই কার্যকর হবে সিএএ। এবার একই রকম আশ্বাসবাণী শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও।
লোকসভা ভোটকে টার্গেট করেই বাংলায় সংগঠনকে শক্তপোক্ত করছে বিজেপি। ফলে এই রাজনৈতিক প্রেক্ষাপটে সুকান্তর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

