দলবদল প্রসঙ্গ!! “বিজেপি ভাঙেনি, অন্য গাছের ছাল ছিল খুলে পড়ে গেছে” দাবি দিলীপের

আমাদের ভারত, ৯ জুলাই:কেউ নিজের কাঙ্খিত পদ পাচ্ছেন না বলে দুঃখে পদত্যাগ করছেন, কেউবা আবার ফিরে যাচ্ছেন পুরনো দলে। তা হলে রাজ্যে বিজেপি কি ভাঙছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সভাপতির সপাটে জবাব, “বিজেপি ভাঙেনি, অন্য গাছের ছাল লাগিয়েছিল সেই ছাল খুলে পড়ে যাচ্ছে।”

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। তার আগে ও পরে অনেকেই বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কথা জানিয়েছেন। কিন্তু দলবদলের এই ঘটনাকে বিজেপিতে ভাঙন বলতে নারাজ দিলীপ ঘোষ। তার কথা অনুযায়ী যারা এসেছিলেন তারা অন্য গাছের ছালের মত। ঠিকমতো মিশে যেতে না পারার জন্য আবার ফিরে গেছেন।

শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক দলীয় সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি বলেন, বুথ স্তরের বিজেপির সংগঠন রাজ্যে যথেষ্ট শক্তিশালী। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাদের। পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলেও দাবি করেন তিনি।

এছাড়াও মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সিএএ কার্যকর করতে চান তাহলে এই আইন কার্যকর হবে। তখনই সাংবাদিকরা তাঁকে পাল্টা প্রশ্ন করেন তাহলে কি কেন্দ্রের এই আইন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করবে? দিলীপ ঘোষ তার উত্তরে বলেন, এখন অতিমারি পরিস্থিতি চলছে। পরিস্থিতি উন্নত হলেই রাজ্যে আইন কার্যকর করা হবে। মতুয়ারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের জন্য কাজ করা হবে, তাদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *