দিদিকে কিছু বললেই রেগে যান: জেপি নাড্ডা

আমাদের ভারত, ১৯ জানুয়ারি:
বৃহস্পতিবার বেথুয়াডহরীর সভা থেকে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জবাব দেওয়ার ডাক দিলেন বিজেপি সভাপতি যেপি নাড্ডা। তিনি বলেন, বাংলায় দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারীরা বিপন্ন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, এসব নিয়ে কিছু বললেই দিদি রেগে যাচ্ছেন। আমি বলি, দিদি কথায় কথায় রেগে যাবেন না। এটা স্বাস্থ্যের জন্য ভালো না।

তাঁর কথায়, “দিদিকে কিছু বললেই উনি রেগে যান। একটা বৈঠকে আমার পাশের আসনে বসেছিলেন। আমি বললাম ভগবান আপনাকে সুযোগ দিয়েছে। আপনি সংবিধান মানুন, আইন মানুন, জনগণের সেবা করুন।”

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নদীয়ার বেথুয়াডহরীর সভায় ভাষণ দেন বিজেপি সভাপতি। জানা গেছে, ২০১৯ এর লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে বিজেপির ১৪৪ টি আসন চিহ্নিত করেছে, কৃষ্ণনগর তার অন্যতম। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত করেছে ওই ১৪৪টির বিধানসভা এলাকার প্রতিটিতে নাড্ডা, অমিত শাহ সভা করবেন। একইভাবে বাংলায় দলের জন্য এমন ২৪টি লোকসভা আসন চিহ্নিত করেছে বিজেপি।

বেথুয়াডহরীর সভায় যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় আসেন নাড্ডা। সকালে প্রথমেই যান মায়াপুরে ইসকনের মন্দিরে। সেখানে পুজো দিয়ে এসে বেথুয়াডহরীর সভায় যোগ দেন। বিজেপি সভাপতি নিজের ভাষণে আগাগোড়াই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল সবসময় মোদী সরকারকে আক্রমণ করে। কিন্তু মোদী সরকার হলো দুর্নীতিমুক্ত সরকার। আর তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনায় অনিয়ম, গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা মেরে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে গরিব, দলিত, শোষিত, বঞ্চিতদের পাশে থাকে মোদী সরকার। জনতার উদ্দেশ্যে নাড্ডা বলেন, তৃণমূলের বিকল্প বিজেপি। পঞ্চায়েত কিংবা লোকসভা যে নির্বাচনই হোক না কেন জোড়া ফুলের পরিবর্তে পদ্মফুলের ছাপ দিতে হবে।

তিনি বলেন, আমরা বাংলায় সিদ্ধার্থ শংকর রায়, সিপিএমের জামানা দেখেছি, তৃণমূলের জামানাও দেখেছি। এবার সোনার বাংলা গড়তে হবে পদ্মে ছাপ দিয়ে বিজেপিকে জয়ী করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *