সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি: এক আইনজীবীকে মারধর করার প্রতিবাদে এক দিনের কর্ম বিরোতি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইনজীবীরা। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাটার মোড় চত্বরে যশোর রোডের উপরে দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলে এই অবরোধ। তাঁদের দাবি, অভিযুক্তের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের খুরুয়া রাজাপুরের বাসিন্দা আইনজীবী রনি মন্ডল। সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী এক গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। আইনজীবী রনি মন্ডল ওই গৃহবধূর হয়ে আদালতে মামলা লড়ার দায়িত্ব নেয়। আর এই কারণে দুষ্কৃতীরা আইনজীবী রনি মন্ডল ও তাঁর পরিবারের উপরে চরাও হয়ে মারধর করে বলে অভিযোগ। রনি মন্ডল ও তার মা বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি।

আইনজীবী রনি মন্ডলের বাবা সহারূপ মণ্ডল বলেন, বৃহস্পতিবার রাতে রনি কোর্টের কাজ সেরে বাড়ি ফেরার পর এলাকার এক পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এক দল দুষ্কৃতী আমরা বাড়ি ঢুকে হামলা চালায়। আমার স্ত্রী ও ছেলেকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে। বাধা দিতে গেলে আমাকেও মারধর করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পর গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছি। এমনকি বনগাঁর আইনজীবীদেরও জানাই।
অন্য দিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বনগাঁ আদালতের আইনজীবীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, এক দিনের কর্ম বিরতি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। সকাল থেকে বনগাঁ যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে আন্দোলনের জেরে।
সরকারি আইনজীবী সমীর দাস বলেন, আইনজীবীদের স্বার্থে আমরা এই কর্ম বিরোতি ও বিক্ষোভে সামিল হয়েছি। একটা আইনজীবীর ও তাঁর পরিবারের উপর হামলার প্রতিবাদ জানাই। থানাতে অভিযোগ জানানো হয়েছে আমরা দাবি রাখি অভিযুক্তদের গ্রেফতারের।

