আমাদের ভারত, কলকাতা, আনিস খানের হত্যার বিচারের দাবিতে বুধবার বাম পড়ুয়াদের বিক্ষোভ-অবস্থান চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাউনি দিয়ে চলছে অবস্থান। এসএফআইয়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক জানান, “আনিস খানের হত্যার প্রতিবাদী মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান আক্রমণের প্রতিবাদে এবং যাদবপুরের প্রতিবাদী বিক্ষোভে তৃণমূলের গুন্ডাদের আক্রমণের প্রতিবাদে চলছে এই রাতভর অবস্থান।“
আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। সকাল থেকে আনিসের বাড়িতে পুলিশ ও সিটের সদস্যরা। এদিন প্রথমে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে তারা রাজি নয়। এদিকে আবার, সিবিআই তদন্ত নিয়ে আনিসের দাদাকে হুমকি-ফোন করা হয় বলে দাবি করেছে পরিবার। এই ঘটনার পরই সরব হয়েছে সিপিএম।

