স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ সেপ্টেম্বর: রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন, কিন্তু রায়গঞ্জের মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক হয়েছি। দেবশ্রী চৌধুরীর ইচ্ছে ছিল রায়গঞ্জ বিধানসভা থেকে নির্বাচনে লড়াই করার। কেননা উনি না কি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট ছিলেন। আসলে কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়ে এখন মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। এটা কোনও বিজেপি বিরোধী দলের নেতা নেত্রীর মন্তব্য নয়, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁর দলেরই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
তিনি সরাসরি বলেন, সাংসদ আমার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে তাই আমার বিধায়কের দপ্তরে তাঁর ছবি রাখার প্রয়োজন মনে করেননি তিনি। জেলা বিজেপির সাথে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোনও সম্পর্ক না রাখলেও এখনই বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়ার সভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, অন্য দল বা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে তিনি দিল্লি নয় কলকাতাতেই দিতেন। এখনও তিনি অন্য কোনও দলের সাথে যোগাযোগ করেননি বা কোনও দলও তাঁর সাথে যোগাযোগ করেনি। তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই প্রশ্নের উত্তর তিনি সুকৌশলে এড়িয়ে যান।
বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তর দিনাজপুর জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের মাত্র দিন কয়েক আগে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সরিয়ে দিয়ে আচমকাই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর অনুগামী বাসুদেব সরকারকে সভাপতি করে রাজ্য নেতৃত্ব। হঠাৎ বিজেপির সভাপতি পরিবর্তন মেনে নিতে পারেনি বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা। এরইমধ্যে রায়গঞ্জে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু এতে বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে দূরত্ব বেড়ে যায়। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করে বলেন, বিজেপিরই সাংসদ তাঁকে নির্বাচনে হারানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন। হাইপ্রোফাইল নেতা ও সেলিব্রেটিদের প্রচারে বাধা হয়ে দাঁড়ান সাংসদ। মানুষের আশীর্বাদে নির্বাচনে রায়গঞ্জ থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণী। এর কিছুদিন পরেই দিল্লির কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় সাংসদ দেবশ্রী চৌধুরীকে।
কৃষ্ণবাবুর অভিযোগ, রায়গঞ্জের সাংসদ এখন রাজ্য বিজেপির সভানেত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন। কৃষ্ণ কল্যাণীর দাবি, যদি দেবশ্রী চৌধুরীকে রাজ্য বিজেপির সভানেত্রী করা হয় তাহলে এই রাজ্যে বিজেপির ১০টিও বিধায়ক থাকবে না। আর কৃষ্ণ বাবুও রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবেন বলে দাবি করেন। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি সরানো প্রসঙ্গে শুক্রবার সাংবাদিককের কাছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

