গোপীবল্লভপুরে দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালের দল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুলাই:
জঙ্গলে খাবারের আকাল। তাই খাবারের সন্ধানে গতকাল রাত থেকে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজের দল। নষ্ট করছে চাষের জমি, আতঙ্কে এলাকার মানুষ।

রবিবার রাতে আটটি হাতির দল গোপীবল্লভপুর ২নং ব্লকের বাহারুনা জঙ্গল পেরিয়ে খড়পড়িয়া, আকনা, আগড়বনিতে বেশ কিছু সব্জি চাষের জমিতে তাণ্ডব চালায়। এরপর সাধারণ মানুষের তাড়া খেয়ে সোমবার সকালে সুবর্ণরেখা নদী পার হয়ে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ব্লকের পিড়াশিমূল, টোপগেড়িয়া, ভট্টগোপালপুর, বাকড়া,উত্তর তেঁতুলিয়া সহ বেশ কয়েকটি গ্ৰামে দাঁপিয়ে বেড়ায়। ক্ষতি করেছে বেশ কিছু ধান জমির তলা।

বনদপ্তর ঘটনাস্থলে এসে না পৌঁছানোয় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। উত্তর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা যোগেন্দর মান্ডি বলেন, আজ সকালে সুবর্ণরেখা নদী পেরিয়ে আটটি হাতির দল আমাদের এলাকায় বেশ কিছু চাষের জমিতে দাপিয়ে বেড়িয়ে জঙ্গলের দিকে চলে যায়। আগে আমাদের এই এলাকায় সেরকম হাতির দেখা পাওয়া যেত না কিন্তু বর্তমান দিনের পর দিন যে হারে হাতির তান্ডব চালাচ্ছে এর ফলে আমরা খুব আতঙ্কিত। দিনের-পর-দিন নষ্ট হচ্ছে চাষের জমির ধান থেকে সবজি সবকিছুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *