Sukanta, BJP, ডাল মে কুছ কালা হ্যায়! বিজেপি নেতাদের সঙ্গে ব্রাত্য বসুর যোগাযোগের কারণ কী? কোন বিস্ফোরক দাবি করলেন সুকান্ত

আমাদের ভারত, ২২ নভেম্বর: শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্য দলের যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাত্য বসু। আর তারপরই বিস্ফোরক দাবি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি দাবি করেন, ব্রাত্য বসু বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তার কাছে খবর রয়েছে। তবে ব্রাত্য বসুকে সুকান্ত মজুমদার অন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেটা কী?

ভোটে পরাজয়ের পর থেকে রাজনীতির ময়দান থেকে একেবারে হারিয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই তার উদয় হয়েছে। তাই সুকান্ত বাবু দাবি করেছেন, যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, “যদি মামলা হয় পুলিশের মাধ্যমে কোর্টের কাছে যাবে। আমি ওকে বলবো উনি নাটকটাই করুন। সেটা ভালো পারেন। আমার কাছে খবর আছে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এতদিন যোগাযোগ করেননি, যেদিন অভিযোগ এসেছে, অর্থাৎ যৌন হেনস্তার অভিযোগ দায়ের হতেই যোগাযোগ করেছেন, অর্থাৎ ডাল মে কুচ কালা হে।”

তৃণমূল আমলের বিধায়ক তথা মন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। তথ্যপ্রযুক্তি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। তবে বিধানসভা ভোটে বিপর্যস্ত হওয়ার পর প্রায় নিখোঁজই হয়ে গিয়েছিলেন ব্রাত্য বসু। সেভাবে আর রাজনৈতিক আঙিনায় তাকে দেখা যায়নি। এরমধ্যে ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন সহ ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়েছে বাগুইআটি থানায়।

তারপর শনিবার আচমকাই ব্রাত্য বসুর উদয় হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মুখ খোলেন তিনি। দাবি করেন নারী নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, তিনি ওই মহিলাকে চেনেন না। আগামী দিনে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছিলেন ব্রাত্য বসু। প্রকৃতপক্ষে ঘটনা কী তা জানার জন্য তদন্তের কথা বলেছেন প্রাক্তন মন্ত্রী। একই সঙ্গে দলবদলের জল্পনাও উস্কে দিয়েছেন তিনি।

তিনি দাবি করেন, এই মুহূর্তে আর তৃণমূলে নন, কারণ দলটি আর নেই। একসময় যে মমতা ও অভিষেকের নির্ভরযোগ্য সৈনিক ছিলেন, ভোটে ভরাডুবির পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তার। তবে মমতা এবং অভিষেকের বিরুদ্ধ গোষ্ঠী ঋতব্রতর সঙ্গে কথা হয় বলে জানান তিনি। ব্রাত্য বসুর এই দাবির পরই সুকান্ত মজুমদারের বিস্ফোরক প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *