Cyclone, Akvan, ঘূর্ণিঝড় অ্যাকভান আছড়ে পড়বে পুরীর উপকূলে, সোমবার পর্যন্ত খারাপ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে

আমাদের ভারত, ১৮ নভেম্বর: ওড়িশার পুরীর কাছে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান। বুধবার দুপুরে নতুন বুলেটিনে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগে বলা হয়েছিল অ্যাকভান আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে, কিন্তু দুপুরের বুলেটিনে এই ল্যান্ডফলের সেই সম্ভাব্য স্থান পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ড ফল হতে পারে।

ঘূর্ণিঝড়ের গতিবিধির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওড়িশা সরকারের তরফে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ১৯-২১ নভেম্বর পুরীতে পর্যটকদের না যাওয়ার অনুরোধ করেছে ওড়িশা সরকার। গেলেও ওই সময় সমুদ্রের ধারে যাওয়া নিষিদ্ধ থাকবে। শহরের একাধিক জনপ্রিয় স্থান বন্ধ করে রাখা হবে। ঘূর্ণিঝড়ের কারণে গুন্ডিচা মন্দির তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জগন্নাথ মন্দির দর্শনের জন্য খোলা থাকবে। তবে সেখানেও একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পর্যটকদের পুরীতে না আসার অনুরোধ করা হয়েছে এই সময়। আলাদা করে সতর্ক করে দেওয়া হয়েছে হোটেলগুলিকেও।

দক্ষিণ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান শক্তি বৃদ্ধি করছে। গত ৬ ঘন্টায় বা সাত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উপকূলের দিকে এগিয়েছে। এটির অভিমুখ উত্তর ও উত্তর- পশ্চিমে। আগামী দু’ দিনে এটি আরো উত্তর ও উত্তর- পশ্চিমের দিকে এগোবে।

২০ নভেম্বর শুক্রবার দুপুরে তা উত্তর অন্ধপ্রদেশের উপকূল ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, ল্যান্ড ফল হবে পুরীর কাছে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হওয়ার বেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটারে। ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি হারাবে। শনিবারের মধ্যে তা আবার নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ঘূর্ণিঝড় পরিস্থিতির প্রভাবে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝড়ো হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়ায়। কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শুক্রবার। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তারপর আবার আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।

ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *