আমাদের ভারত, বীরভূম, ১৮ নভেম্বর: তারাপীঠ থানার পর এবার সিউড়ি রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন এক কর্মী। পুরনো দলিলের নথি বা রেকর্ড বের করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে। বুধবার বিকেলে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আচমকা অভিযান চালিয়ে ওই কর্মীকে হাতেনাতে পাকড়াও করেন। ধৃত কর্মী ইসমাইল গাজি সিউড়ি রেজিস্ট্রি অফিসে রেকর্ড কিপার হিসেবে কর্মরত।
এই চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা অফিস চত্বরে।

জানা গিয়েছে, জমি বা বাড়ির আসল দলিল কোনো কারণে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, নতুন করে সেই দলিলের প্রতিলিপি বা নকল বের করার প্রয়োজন হয়। এর জন্য রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপারদের দ্বারস্থ হতে হয় সাধারণ মানুষকে। অভিযোগ, এই সুযোগে দীর্ঘদিন ধরেই এই পুরনো রেকর্ড দ্রুত বের করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া শুরু হয়েছিল ওই অফিসে। টাকা না দিলে দিনের পর দিন সাধারণ মানুষকে ঘোরানো হতো বলে ভুক্তভোগীদের অভিযোগ। এমনই এক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সিউড়ির ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফিসে আগে থেকেই ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ওই রেকর্ড কিপার যখন নিজের কাজের জায়গায় এক ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই সাদা পোশাকে থাকা অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের কর্তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। ওই কর্মীকে অফিসের ভিতরেই জিজ্ঞাসাবাদ করা হয়। দিনের পর দিন ধরে চলা এই ঘুষ চক্রের সঙ্গে অফিসের আরও কেউ বা কোনো দালাল চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, দিন তিনেক আগে তারাপীঠ থানায় তিন যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন এক সিভিক। বিজেপি নেতারা হাতেনাতে ওই সিভিককে ধরে ফেলে। উদ্ধার করা হয় ঘুষের টাকা। এরপরেই অভিযুক্ত সিভিক এবং এ এস আইকে ক্লোজ করে জেলা পুলিশ।

