ফের পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, বড়জোড়া শিল্প করিডোরে ডবল লেন রাস্তার দাবিতে সোচ্চার বাসিন্দারা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মে:
শনিবার ফের দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। বাঁকুড়ার মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চলের দুর্লভপুর – বড়জোড়া শিল্প করিডোরে এই ঘটনার পর এলাকার বাসিন্দারাও ফের সরব হলেন এই সড়ক পথটি ডবল লেন করার জন্য। এদিন এই সড়ক পথে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় ঐ সাইকেল আরোহী প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে সকাল ৭ টা নাগাদ গঙ্গাজলঘাঁটি থানার চৌশাল মোড়ের কাছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সত্যম্বর মন্ডল (৫৬)। বাড়ি স্থানীয় সুবিরাড়া গ্রামে। সত্যম্বর বাবু থাকতেন মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের আবাসনে এক আধিকারিকের আউট হাউসে। স্থানীয় একটি ফেরো অ্যালয় কারখানার ঠিকা কর্মী ছিলেন তিনি। বিদ্যুৎ প্রকল্পের আবসন থেকে কাজে যোগ দিতে সাইকেলে করে যাওয়ার পথে কারখানা থেকে কিছুটা দূরে চৌশাল মোড়ের কাছে পৌঁছাতেই বড়জোড়ার দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, শিল্পাঞ্চল হওয়ায় এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। সমস্ত চাপ পড়ে এই শিল্প করিডোরটির উপর। ২৪ ঘন্টার মধ্যে ১ মিনিটও বিরাম নেই যান চলাচলের। মুহূর্তের অসতর্কতায় প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। গত মঙ্গলবার এই সড়ক পথের উপরই ভদরা মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রলার চাপা পড়ে স্বামী স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। গত ২ মে খটিয়ালা মোড়ে দুই বাইক আরোহী যাত্রীবাহী বাসের তলায় চাপা পড়ে মারা যান। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দুর্লভপুর বড়জোড়া শিল্প করিডোরটিকে ডবল লেনের করতে হবে।

গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গড়াই বলেন, এ বিষয়ে আমি জেলা পরিষদের সভাধিপতি ও পিডাব্লিউডি আধিকারিকদের সঙ্গে কথা বলব। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *