রাস্তায় জমা জলে সমস্যা, বাঁকুড়ার নিকুঞ্জপুর স্কুল মোড়ে সিপিআই(এম-এল) লিবারেশনের পথ অবরোধ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জুলাই:
ওন্দা ব্লকের নিকুঞ্জপুর স্কুল মোড় থেকে বেলিয়াতোড় রাস্তা শুরুর মুখে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। নিকাশের কোনো ব্যবস্থা নেই। এর প্রতিবাদে আজ স্কুল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআই (এম এল) লিবারেশন।

এই এলাকায় নিকুঞ্জপুর হাইস্কুল, প্রাথমিক স্কুল এবং সারদা শিশু মন্দির আছে ফলে প্রতিদিন কয়েক শত ছাত্র-ছাত্রীদের এই জল পেরিয়ে যেতে হচ্ছে। শুধু ছাত্র- ছাত্রীই নয় বেশ কয়েকটি গ্রামের মানুষের একদিকে বাঁকুড়া অপরদিকে বিষ্ণুপুর যাওয়ার এটিই একমাত্র রাস্তা ফলে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত মানুষ যাতায়াত করে। এই জমা পচা জলের উপর দিয়ে যাতায়াতের ফলে ছাত্র- ছাত্রী সহ সাধারণ মানুষের পায়ে সংক্রমণ সহ প্রায়ই দুর্ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন বা বিধায়ক নির্বিকার। এক ঘন্টা অবরোধের পর ওন্দা থানার পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধে অংশ নিয়ে সিপিআই (এম-এল) লিবারেশন এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্র- ছাত্রী অভিভাবক সহ সাধারণ মানুষের গণ স্বাক্ষর সহ আবেদন বাঁকুড়ার মহকুমা শাসককে জমা দেওয়া হবে। এতেও না হলে সাধারণ মানুষকে নিয়ে বাঁকুড়া- দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *