আমাদের ভারত, ১১ জানুয়ারি:পরীক্ষা বাড়ার কারণে ভারতে আবারও ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃতের সংখ্যাও। পরীক্ষা ৬০ হাজারের গণ্ডি ছাড়ালেও এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ পজিটিভিটি রেট কমেছে যা কিছুটা স্বস্তিদায়ক।
স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত মঙ্গলবার বিকেলে রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। সোমবার এই সংখ্যাটা ১৯ হাজারের আশেপাশে ছিল। উদ্বেগ বাড়িয়ে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৬৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪০১৬ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছি দৈনিক সংক্রমণ। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের গত ২৪ ঘণ্টায় সংক্রমিত সংখ্যা যথাক্রমে, ১৮১৫,১৪৩৫, ১০১০ জন। এর ফলে রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৯৫ হাজার ৪৩০। একদিনে রাজ্যে ৬৫ হাজার ২১০টি নমুনা পরীক্ষা হলেও কমছে পজিটিভিটি রেট।
সংক্রমণের হার ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ৩২.৩৫ শতাংশ। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যার মধ্যে কলকাতার ৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৯৩৬। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৩৭ জন। সুস্থতার হার ৯৩.৮১ শতাংশ।

