আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি:দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। প্রতি নিয়ত নিজের চরিত্র বদলে সমস্যাও বাড়িয়ে তুলছে এই ভাইরাস। দেশের ঝড়ের গতিতে টিকাকরণ কর্মসূচির কারণে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমনের হারে পতন সেভাবে এখনো দেখা যায়নি। দ্বিতীয় ঢেউতে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অপ্রতুলতায় মৃত্যু-মিছিল দেখেছে দেশ। কোন ওষুধ নেই ঠিক মতো করোনার। কিন্তু এবার করোনার চিকিৎসার অঙ্গ হিসেবে ভারতের বাজারে মুক্তি পেল প্রথম ন্যাজাল স্প্রে।
মুম্বাই ভিত্তিক আন্তর্জাতিক ওষুধ প্রস্তুত সংস্থা গ্লেনমার্ক ও স্যানোটাইজারের অংশীদারিত্বে ভারতের বাজারে এসেছে নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে। প্রাপ্তবয়স্ক করোনা রোগের চিকিৎসায় এই স্প্রে ব্যবহার করা যাবে বলে জানা গেছে। ফ্যাবি স্প্রে নামে বাজারে এনেছে প্রস্তুতকারী সংস্থা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তরফে এই ন্যাজাল স্প্রে প্রস্তুত ও মার্কেটিং এর ছাড়পত্র দেওয়া হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে ভারতে তৃতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে ২৪ ঘন্টা ব্যবহারে ভাইরাসের সংক্রমণ ৯৪ শতাংশ এবং ৪৮ ঘন্টা ব্যবহারের সংক্রমণের হার ৯৯ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হয়েছে। নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে নিরাপদ এবং করোনা রোগীদের ব্যবহারে কোন সমস্যা দেখা দেয় নি। ফ্যাবি স্প্রে নামে এই ন্যাজাল স্প্রে বাজারে আসবে। সংস্থার দাবি নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে ভাইরাসের বিরুদ্ধে শারীরিক ও রাসায়নিক বাধা হিসেবে কাজ করবে।

